The nature of the song and the introduction and use of musical instruments
গানের প্রকৃতি জানা এবং বাদ্যযন্ত্রের পরিচিতি ও ব্যবহার
আকর্ষণীয় এবং শ্রুতিমধুর করে গান গাইবার জন্য গানের প্রকৃতি বা ধরণ জানা খুবই প্রয়োজন৷ রচয়িতা কোন পরিবেশ বা ভাবকে ভিত্তি করে গানটি রচনা করেছেন সেটা উপলব্ধি করতে পারলে যথাযথ ভাব এবং অভিব্যক্তি ফুটিয়ে তুলে গানটি গাওয়া যায়৷ তাই যে কোনো গান শেখা বা গাইবার পূর্বে তার প্রকৃতি/ধরণ বুঝে নেওয়া অপরিহার্য৷ এছাড়া কিছু বাদ্যযন্ত্রের পরিচিতি এবং ব্যবহার সম্পর্কেও প্রশিক্ষণার্থীদের জানা দরকার৷ এর ফলে গানের সাথে সঠিক বাদ্যযন্ত্রের ব্যবহার এবং তার গুরুত্ব সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারনা সৃষ্টি হবে৷ পাশাপাশি বাদ্যযন্ত্রের প্রতি সকলের বিশেষ আগ্রহ সৃষ্টি হবে৷
গানের প্রকৃতি :
প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির সংগীত বিষয়ক পুস্তকে মোট তেরটি গান স্থান পেয়েছে৷ এর মধ্যে রয়েছে জাতীয় সংগীত, শহীদ দিবসের গান, ছড়াগান রয়েছে তিনটি- রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং নজরুল ইসলাম বাবু রচিত, এছাড়া লোক সংগীত, শ্রমের মর্যাদা সম্পর্কিত সংগীত, দেশাত্মবোধক গান, হাম্দ বা খোদার প্রশস্তিতমূলক গান, প্রার্থনা সংগীত, রণ সংগীত, বিশ্ব সংগীত এবং মুক্তিযুদ্ধ সম্পর্কিত গান রয়েছে একটি করে৷ গানের প্রকৃতি জানলে এবং উপলব্ধি করতে পারলে তা যথাযথ ভাব এবং অভিব্যক্তি ফুটিয়ে তুলে গাওয়া সম্ভব হয়৷ তাই গানের প্রকৃতি সম্পর্কে ধারণা থাকা খুব জরুরী৷


