Kid’s Story: Leaves and loam
গল্প:পাতা ও মাটির ঢেলা
রাস্তার ধারে একটা গাছে অনেক সবুজ পাতা ছিল। পাতাগুলো বাতাস এলে খুব মজা পেতো, আর হেলে দুলে খেলা করত।
একদিন হঠাৎ খুব জোরে বাতাস এলো। খেলতে খেলতে একটা পাতা টুপ করে ছিঁড়ে নিচে পড়ে গেল। বাতাস খুব জোরে বইছিল তাই পাতাটা কোনভাবেই গাছের নিচে থাকতে পারছিল না। সে মনে মনে ভাবল, আজ বাতাস আমাকে উড়িয়েই নিয়ে যাবে।
গাছের নিচেই পড়ে ছিল একটা মাটির ঢেলা। সে পাতার মনের কথা বুঝতে পারল। সে ধীরে ধীরে পাতার কাছে এসে বলল, “তুমি ভয় পেয়ো না। বাতাস তোমাকে উড়িয়ে নিতে পারবে না। আমি তোমার উপর বসে তোমায় ধরে রাখবো।”
মাটির ঢেলার কথায় পাতার ভয় কিছুটা দূর হলো। মাটির ঢেলা পাতার উপর বসল তাই বাতাস আর পাতাকে উড়িয়ে নিতে পারল না।
একটু পরেই হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি শুরু হতেই মাটির ঢেলা মনে মনে ভাবল, বৃষ্টির জন্য আজ আমি হয়ত গলেই যাব।
পাতা মাটির ঢেলার মনের কথা বুঝতে পারল। সে মাটির ঢেলাকে বলল, “তুমি একটুও চিন্তা করো না। বৃষ্টি তোমার কিছুই করতে পারবে না। আমি তোমাকে ঢেকে রাখব।”
অমনি পাতা গিয়ে মাটির ঢেলাকে বৃষ্টি থেকে আড়াল করে রাখল। বৃষ্টি মাটির ঢেলাকে গলাতে পারল না।
এবার মাটির ঢেলা পাতাকে বলল আজ থেকে আমরা বন্ধু। আমরা একজন অন্যজনকে সাহায্য করেছি বলেই আজ আমরা দু’জন বেঁচে আছি। এখন থেকে আমরা সবসময় একে অপরকে সাহায্য করব। পাতা মাটির ঢেলার কথা শুনে খুব খুশি হলো। সেই থেকে তারা দু’জন বন্ধু এবং সবসময় একে অন্যকে সাহায্য করে।
