শিশুতোষ গল্প: কচ্ছপ ও খরগোশ - Proshikkhon

শিশুতোষ গল্প: কচ্ছপ ও খরগোশ

Kid’s Story: The Hare and The Tortoise

গল্প: কচ্ছপ ও খরগোশ

এক ছিল বন। সেই বনে ছিল অনেক পশু পাখি। বাঘ, হরিণ, ভালুক, খরগোশ, কচ্ছপ… আর ছিল কাক। একদিন ঐ বনে দৌড় প্রতিযোগিতার আয়োজন হল। তবে সে প্রতিযোগিতায় সব পশু পাখি অংশ নিল না। শুধু কচ্ছপ ও খরগোশ অংশ নিল। খরগোশ ও কচ্ছপ দু’জনই দৌড় দেওয়ার জন্য প্রস্তুত হলো। দৌড় শুরু করানোর দায়িত্ব নিল খরগোশ ও কচ্ছপের মধ্যে শুরু হল দৌড় প্রতিযোগিতা। খরগোশ খুব ভাল দৌড়াতে পারে কিন্তু কচ্ছপ খুব আস্তে আস্তে দৌড়ায়। তাই খরগোশ কচ্ছপকে একদম পাত্তা দিল না। খরগোশ খুব অল্প সময়ে অনেক দূর চলে গেল।

সে পিছনে তাকিয়ে দেখল; কচ্ছপটি তার থেকে অনেক পিছনে সে আরো কিছুক্ষণ দৌড়াল।

খরগোশ দৌড়াতে দৌড়াতে এক সময় পিছনে ফিরে দেখল কচ্ছপকে একেবারেই দেখা যায় না। খরগোশ ভাবল, কচ্ছপ তো অনেক দূরে, এই ফাঁকে আমি একটু জিরিয়ে নেই। সে একটি গাছের নিচে বসে বিশ্রাম নিতে লাগল।

একসময় খরগোশটি ঘুমিয়ে পড়ল। এদিকে কচ্ছপ দৌড়াতে দৌড়াতে খরগোশের কাছে চলে এসেছে। খরগোশ কিছুই বুঝতে পারল না। সে তখনো ঘুমোচ্ছে।

কচ্ছপ খরগোশকে অতিক্রম করে অনেক দূর চলে গেল। কচ্ছপ ভাবছে চূড়ান্ত জায়গায় না যাওয়া পর্যন্ত তার বিশ্রাম নেই। কারণ কচ্ছপ জানে যে, সে এমনিতেই খুব জোরে দৌড়াতে পারে না, তারপর যদি অবহেলা করে তবে দৌড়ে জিততে পারবে না। তাই কচ্ছপ শুধু দৌড়েই চলেছে। এদিকে খরগোশ শুধু ঘুমোচ্ছে আর ঘুমোচ্ছে।

অনেকক্ষণ পর খরগোশ ঘুম থেকে উঠল। পিছনে দেখল কচ্ছপকে তখনো দেখা যাচ্ছে না। গাছে ছিল এক কাক। খরগোশ কাকের সাথে গল্প করা শুরু করল। কাক বলল খরগোশ ভাই, তুমি কেমন আছ? খরগোশ বলল খুব ভালো। খরগোশ তার ভাল থাকার কারণটি বলল। সে দৌড়ের ঘটনাটি কাককে বলল। শেষে বলল, কচ্ছপ এখনো কতদূরে, তাই তোমার সাথে একটু গল্প করে নিচ্ছি। একথা শুনেই কাক বলল, তুমি কত বোকা! তুমি যখন ঘুমিয়ে ছিলে তখন দেখলাম একটা কচ্ছপ তোমার পাশ দিয়ে চলে গেছে। একথা শুনে খরগোশ চমকে উঠল! সে সামনের দিকে তাকিয়ে দেখল অনেক দূরে কচ্ছপ দৌড়ে দৌড়ে প্রায় গন্তব্য স্থানের কাছাকাছি পৌঁছে গেছে।

খরগোশ দৌড়াতে দৌড়াতে গন্তব্য স্থলে আসল। কিন্তু ততক্ষণে কচ্ছপ পৌঁছে গেছে। শুরু হলো পুরস্কার বিতরণী সভা। সভায় অনেক পশুপাখি এলো; ময়না, টিয়া, দোয়েল, কচ্ছপ, খরগোশ, শেয়াল, হরিণ, বাঘ, ভালুক, সিংহ, কাক, ময়ূর ও আরও অনেকে। সভার সভাপতি ছিল ময়ূর সে কচ্ছপের গলায় মেডেল ঝুলিয়ে দিল। সবাই কচ্ছপের উদ্দেশ্যে হাততালি দিল। আর কচ্ছপের পুরস্কার নেওয়া দেখে বেচারা খরগোশ মনে খুব কষ্ট পেল। সে মনে মনে ভাবল, আর কখনো কোন কাজে অবহেলা করব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!