সর্বনেশে স্বপ্ন
-এনতাজুর কারিগর
কে যেন চায় অন্তরে—-
চাঁদনী রাতে হঠাৎ করে
আকাশ ভেঙ্গে লুটিয়ে পড়ুক
তার উঠোনের ‘পরে!
উঠোন হতে কুড়িয়ে হাতে
ঝরে পড়া কিছু তারার ফুলে
স্বপ্নসুতোয় মালা গেঁথে
বাঁধবে বেণি সাজিয়ে এলো চুলে,
কিছুটাবা সজ্জা জুড়ে কিছু কণ্ঠহারে
কিছু দিয়ে সাজিয়ে নেবে শয্যাঘরে;
চাঁদটা তাকে দেবে রেখে সিথান পাশে
কাঁচের বয়াম ভরে!
ভাঙ্গলে আকাশ হঠাৎ করে।
হায়রে অবোধ!সর্বনেশে এ কি স্বপন?
ভাঙ্গলে আকাশ তারার সাথে
কৃষ্ণবিবর—-তারও হবে পতন
তোর আঙ্গিনার ‘পরে,
কঠিন আবেশ বশে বিলিন হবে শশী-তারা
তোর সকল সহ মহারাহু কৃষ্ণগহ্বরে!
পড়লে আকাশ ভেঙ্গে চাঁদনী রাতে
তোর উঠোনের ‘পরে।
২২ জুন, ২০২১, নীলফামারী।