কবিতা- অচেনা দরদী - Proshikkhon

কবিতা- অচেনা দরদী

অচেনা দরদী

-এনতাজ কারিগর

উঠোন কোণের বকুল শাখে

রাত জাগা কোন পাখির ডাকে

ঘোর অমাতে ভাঙ্গিলে ঘুম মধ্যরাতে,

ঊর্দ্ধে চেয়ে দেখি অপলকে

কোন অচেনা দরদী তার আকাশ হতে

ঝাঁকায় ভরে তারাগুলো

ঢেলে গেছে আমার আকাশটাতে।

এত তারা ছিলনা তো আকাশে মোর পূর্ণিমাতে!

ঘুমহারা চোখ অধীর প্রাণে

ছুটে ফিরি অতীত জোড়া স্মৃতির টানে

ভেবে ভেবে খুঁজে মরি কোন দরদী এমন করি

বেসেছিল ভাল আমায় করুণাতে!

হঠাৎ যখন ভাঙল এ ঘুম মধ্যরাতে।

আমার অমারাতের বেদনগুলো তার প্রাণে কি বাজে?

আমার আকাশ ভরা মেঘগুলোও

সরিয়ে টেনে নিয়ে গেছে তার আকাশের মাঝে,

ওরে ওকোন অধরা বন্ধু আমার!

চুপিসারে লুকিয়ে এসে এমন দেয়া-নেয়ার শেষে

বাঁধল আমায় জড়ে-কষে সুপ্তিহারা ঋণের হাতে

তার আকাশের তারাগুলো

এনে দিয়ে ঢেলে আমার আঁধার আকাশটাতে!

২৯/০৬/২০২১

নীলফামারী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!