শিশুতোষ গল্প: ছোট্ট ছেলে বেলাল - Proshikkhon

শিশুতোষ গল্প: ছোট্ট ছেলে বেলাল

Kid’s Story: Little Boy Belal

গল্প: ছোট্ট ছেলে বেলাল

ছোট্ট ছেলে বেলাল। একদিন ঘরে বসে খেলছিল। হঠাৎ দেখল একটি টিকটিকি। দৌড়ে গেল সে টিকটিকিকে মারতে। টিকটিকি বলল, আমাকে মেরো না। আমি তোমাদের উপকার করি। আমি মশা খাই। তোমাদেরকে মশার কামড় থেকে বাঁচাই। যাও ব্যাঙকে মার।

বেলাল টিকটিকিকে মারল না। দৌড়ে গেল সে ব্যাঙকে মারতে। ব্যাঙ বলল, আমাকে মেরো না। আমি তোমার বন্ধু। আমি পোকা খাই। এভাবে জমির ফসলকে পোকার হাত থেকে বাঁচাই। যাও কাককে মার।

বেলাল ব্যাঙকে মারলো না। দৌড়ে গেল সে কাককে মারতে। কাক বলল, আমাকে মেরোনা। আমি ময়লা খেয়ে তোমাদের গ্রাম পরিস্কার রাখি। যাও চড়ূই পাখিকে মার।

বেলাল কাককে মারলো না। সে দৌড়ে গেল চড়ূই পাখিকে মারতে। চড়ূই পাখি বলল, আমাকে মের না। আমিই তো গাছ থেকে বীজ নিয়ে যাওয়ার সময় তা মাটিতে ফেলি। আর তা থেকে হয় অনেক রকমের গাছ। যাও মৌমাছিকে মারো।

বেলাল চড়ূই পাখিকে মারলো না। সে দৌড়ে গেল মৌমাছিকে মারতে। মৌমাছি বলল, আমাকে মেরো না।

আমাকে মারলে আর মৌচাক হবে না। মৌচাক না থাকলে তুমি মধুও পাবে না। যাও পিঁপড়াকে মারো।

বেলাল মৌমাছিকে মারলো না। সে দৌড়ে গেল পিঁপড়াকে মারতে। পিঁপড়া বলল, আমাকে মেরো না। আমাকে দেখে তুমি অনেক কিছু শিখতে পারবে। দেখ আমরা সবাই কেমন মিলেমিশে কাজ করি।

বেলাল পিঁপড়ার দিকে তাকিয়ে থাকল। সত্যিই পিঁপড়া কত কাজ করে। সবাই মিলে কি সুন্দর খাবার জড়ো করে।

বেলাল মনে মনে বলল, আহা! ওরা তো সবাই আমাদের কত উপকার করে। আমি কেন শুধু শুধু ওদেরকে মারতে চেয়েছি। আমি আর কখনো এমন করব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!