Language Skills Strategies: Listening and Speaking Skills
শোনার দক্ষতা অর্জনের যে প্রক্রিয়াগুলো রয়েছে তার বৈশিষ্ট্য উপলব্ধি করার জন্য আমাদের অবশ্যই কথ্য ভাষার বিভিন্ন বৈশিষ্ট্য বিবেচনা করা দরকার, যা লেখার দক্ষতা থেকে সম্পূর্ণ ভিন্ন।
কোনো একটি লেখা বার বার পড়ে তার অর্থ উদ্ধার করা সম্ভব হয়; কিন্তু কোনো কথা একবার বলা হয়ে গেলে তা আর শোনার উপায় থাকে না। সুতরাং শ্রোতাকে অবশ্যই বক্তার কথা শুনে তাৎক্ষণিকভাবে তার অর্থ বুঝে নিতে হবে। সাধারণত রেডিওতে বা টেপ করা কোনো বক্তব্যে মিনিটে ১৬০ টি শব্দ বলা হয়। কিন্তু কথা বলার সময় অথবা আলাপচারিতায় মিনিটে ২২০ টি শব্দ উচ্চারিত হয়ে থাকে।
আলাপচারিতা অথবা কোনো কথা বলার সময় শ্রোতা যেন সে কথার তাৎক্ষণিকভাবে মর্মোদ্ধার করতে পারে সে বিষয়টি নিশ্চিত করার জন্য শিশুদের বিভিন্ন কাজের মাধ্যমে সক্ষম করে তোলা যেতে পারে। একজন বলবে, অন্যজন তা শুনে লিখবে, আর দুজন তা পরিমার্জন করবে, এভাবে যদি ধারাবাহিকভাবে শিশুদের কাজ দেওয়া যায় তাহলে এ ধরনের কাজ থেকে শিশুরা অবশ্যই শোনা দক্ষতার উন্নয়ন করতে সক্ষম হবে। এ প্রেক্ষিতে নিচের কাজগুলো বিশেষভাবে অনুশীলন করা যেতে পারে:
- আদেশ/ নির্দেশ পালন করতে দিয়ে।
- গল্প/গল্পের অংশ শুনিয়ে প্রশ্ন করে তার উত্তর বলতে ও লিখতে দিয়ে।
- সংক্ষিপ্ত বিবরণ থেকে প্রশ্ন করতে দিয়ে।
- নাটিকা ও নাট্যাংশ শুনিয়ে বা দেখিয়ে প্রশ্ন করে তার উত্তর বলতে ও লিখতে দিয়ে।
- রেডিও, টিভি ও ক্যাসেট শুনিয়ে প্রশ্ন করে তার উত্তর বলতে ও লিখতে দিয়ে।
- কথোপকথন/ বক্তৃতা শুনিয়ে প্রশ্ন করে তার উত্তর বলতে ও লিখতে দিয়ে।
কোনো কিছু শুনিয়ে তার উপর কোনো কাজ সম্পাদন করতে দিয়ে।

