অধ্যায়-০৩: শিশুতোষ সাহিত্য
পাঠ-৩.৬: ইতল বিতল
১. সুফিয়া কামালের ইতল বিতল ছড়ার মূলভাব লিখুন।
অথবা, শিশুতোষ ছড়া হিসেবে ইতল বিতল কতটা সার্থক তা বর্ণনা করুন।
অথবা, শিশুতোষ ছড়া হিসাবে ইতল বিতল একটি সার্থক ছড়া, উক্তিটির পক্ষে আপনার যুক্তি দিন।
‘ইতল বিতল’ সুফিয়া কামালের একটি মৌলিক ছড়া। আকারে ছোট হলেও শিশুর ভাষা দক্ষতা উন্নয়নে এ ছড়াটির গুরুত্ব অপরিসীম। ছড়াটির মাধ্যমে শিশুদের আনন্দ দানের পাশাপাশি শিশুর কল্পনা শক্তি বৃদ্ধিতে অনন্য ভূমিকা রেখেছেন লেখক। অর্থের গভীরতা নয় শিশুসুলভ সরলতাই এর প্রধান বৈশিষ্ট্য।
সাধারণভাবে এখানে কল্পনার চেয়ে শিশু তার মনের মতো করে এক ভিন্ন জগতে প্রবেশের চেষ্টা করে। ছড়াটিতে দেখা যায় একটি গাছের তলায় ব্যাঙের ছাতা, ব্যাঙ, ডোবা ইত্যাদি শিশুর কাছে যেমন অনাবিল আনন্দের উৎস তেমনি ইতল বিতল নামক অচেনা গাছের তলা তার কাছে কৌতুহলউদ্দীপ্ত। শিশুর ভাষা চর্চার প্রাথমিক ধাপ হলো প্রাক-কথন। শিশু ছড়াটি শুনলেও অনুরূপভাবে বলার দক্ষতা অর্জন করে না। কারণ উত্তম ভাবে বলার জন্য প্রয়োজন বাকপ্রত্যঙ্গগুলোর নিয়ন্ত্রিত আচরণ । ছড়াটির মাধ্যমে শিশু নতুন নতুন শব্দের সঙ্গে পরিচিতি লাভ করে এবং নতুন নতুন শব্দ বলার চেষ্টা করে। এক পর্যায়ে দেখা যায় উক্ত ছড়াটির মাধ্যমে শিশুর অনেক জ্ঞান বৃদ্ধি পায়।
সুতরাং বলা যায় ইতল বিতল ছড়াটি একদিকে যেমন শিশুর জন্য আনন্দদায়ক, অন্যদিকে শিশুর ভাষা দক্ষতা উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখে তাই ছড়ার বৈশিষ্ট্য অনুসারে এটি একটি সার্থক ছড়া।
