বাংলা (এসকে); অধ্যায়-০২ বাংলা সাহিত্যের আঙ্গিক - Proshikkhon

বাংলা (এসকে); অধ্যায়-০২ বাংলা সাহিত্যের আঙ্গিক

অধ্যায়-০২: ভাষা ও সাহিত্য

সেশন-২.২: বাংলা সাহিত্যের আঙ্গিক (ছড়া, কবিতা, ছোটগল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধ)

১. বাংলা সাহিত্যের আঙ্গিক সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিন।

বিশ্ব সাহিত্যে বাংলা সাহিত্যের হাজার বছরের ঐতিহ্য রয়েছে। কেননা বৈচিত্র্যময় বাংলা সাহিত্যের নানামূখী আঙ্গিক লক্ষ্য করা যায়। নিম্নে বাংলা সাহিত্যে বিভিন্ন আঙ্গিক উল্লেখ করা হলো:

  • কবিতা,
  • ছোটগল্প,
  • উপন্যাস,
  • নাটক,
  • ছড়া,
  • প্রবন্ধ,
  • রম্য রচনা,
  • গীতিনাট্য
  • মহাকাব্য ইত্যাদি

সাহিত্যের বিভিন্ন ধারায় সমৃদ্ধ হওয়ার পেছনে অবদান রয়েছে বিভিন্ন কবি ও লেখকদের। সাহিত্যের এসব আঙ্গিক সম্পর্কে আমাদের অবগত হওয়া খুবই প্রয়োজন।

০২. বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যে শিশুতোষ ছড়া রচনার ক্ষেত্রে উল্লেখযোগ্য কয়েকজনের নাম লিখুন।

বাংলা সাহিত্যের আদি নিদর্শন হলো ছড়া। ছড়া গভীর কোন ভাবার্থ নয়, ছড়ার বিষয় হচ্ছে ছন্দের আনন্দ। জীবনের বিভিন্ন প্রয়োজনে এ আনন্দ পরিবেশিত হয়। ছড়ার মাধ্যমে আনন্দের এই সার্বজনীনতা ছড়াকে সর্বত্র ছড়িয়ে দেওয়া হয়।

বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য শিশুতোষ ছড়া রচয়িতা:

  • সুকুমার রায়
  • রবীন্দ্রনাথ ঠাকুর,
  • কাজী নজরুল ইসলাম,
  • জসীমউদ্দীন,
  • রোকনুজ্জামান,
  • শামসুর রাহমান
  • ঈশ্বরচন্দ্র গুপ্ত।

৩. কবিতা কাকে বলে? কবিতা কয় প্রকার ও কী কী?

কবিতা হচ্ছে শ্রুতিনান্দনিক শব্দের সমন্বয়ে তালে ও প্রায়শঃ ছন্দে বিন্যস্ত আবেগঘন বিশেষ অর্থপ্রকাশক কথন বা লেখন। এটি সাহিত্যের সবচেয়ে প্রাচীন শাখা।  ভাষা যখন নিবিড় উপলব্ধিতে আবেগ ও প্রাণময় হয়, তখন তার ভিতরে একটি বেগ ও গতির সঞ্চার হতে থাকে। এই বেগ বা গতির সংযত ও পরিমিত প্রকাশই কবিতা। ‘শব্দ’ ভাব কল্পনা ও অর্থ-ব্যঞ্জনার বাহন। কবিতা মূলত জীবন-দীপিকা বা জীবন-জিজ্ঞসা।  কবিতা আবেগদীপ্ত উপলব্ধির ভাষা।

কবিতার প্রকারভেদ:

কবিতা ২ ধরনের হয়ে থাকে। যথা:

১. মন্ময় বা গীতি কবিতা: মন্ময় কবিতা হচ্ছে ভক্তিমূলক, স্বদেশপ্রীতিমূলক, প্রেমমূলক, সনেট, প্রকৃতিবিষয়ক, শোকগীতি, স্তত্র, চিন্তামূলক কবিতা।

২. তন্ময় বা বস্তুনিষ্ঠ কবিতা: তন্ময় কবিতা হচ্ছে বস্তুনিষ্ঠ কবিতা। গাথা, মহাকাব্য, নীতিকবিতা, রূপক, ব্যঙ্গকবিতা, লিপিকবিতা তন্ময় কবিতার উদাহরণ।

৪. ছোট গল্প রচনার বৈশিষ্ট্য কী? রবীন্দ্রনাথ রচিত কয়েকটি উল্লেখযোগ্য ছোট গল্পের নাম লিখুন।

ছোটগল্প রচনার ক্ষেত্রে একজন লেখককে তা আত্মসচেতনভাবে সৃষ্টি করতে হয়। ছোট গল্প রচনার ক্ষেত্রে বিশেষ ধরনের গঠনরীতি, বিষয়বস্তু চয়ন, চরিত্র সৃষ্টি, কথোপকথন, পরিবেশ সৃষ্টি, বাণীভঙ্গি প্রভৃতি লক্ষ্য রাখতে হয়। ছোটগল্পের আরম্ভ ও শেষ নাটকীয় হয়।

রবীন্দ্রনাথ রচিত কয়েকটি ছোট গল্প:

  • হৈমন্তী,
  • ছুটি,
  • কাবুলিওয়ালা,
  • শাস্তি,
  • খোকাবাবুর প্রত্যাবর্তন

৫. উপন্যাস কী?

উপন্যাসের ইংরেজি প্রতিশব্দ হলো Novel। ইংরেজিতে শব্দটি এসেছে ইতালীয় Novella শব্দ হতে যার অর্থ হলো tale, piece of news’ উপন্যাস হচ্ছে লেখকের ব্যক্তিগত জীবনদর্শন ও জীবনানুভূতি কোন বাস্তব কাহিনী অবলম্বন করে সৃষ্ট বর্ণনাত্মক শিল্পকর্ম। উপন্যাসে একটি গল্প, চরিত্র, নাটকীয়তা ও গতিশীলতা থাকবে। ঘটনা কয়েকটি চরিত্রকে আশ্রয় করে গড়ে ওঠে। ভাষা যত সহজ সাবলীল হয় পাঠক তত আকৃষ্ট হয়।

শ্রীশচন্দ্র দাসের ভাষায় উপন্যাস হলো-

“গ্রন্থকারের ব্যক্তিগত জীবন-দর্শন ও জীবনানুভূতি কোনো বাস্তব কাহিনী অবলম্বন করিয়া যে বর্ণনাত্মক শিল্প কর্মে রূপায়িত হয়,তাহাকে উপন্যাস কহে।”

উপন্যাসের প্রকারভেদ:

উপন্যাস বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন-

  • মনস্তাত্ত্বিক উপন্যাস,
  • সামাজিক উপন্যাস
  • ঐতিহাসিক উপন্যাস,
  • পৌরাণিক উপন্যাস,
  • আঞ্চলিক উপন্যাস,
  • কাব্যধর্মী উপন্যাস ইত্যাদি।

৬. বাংলা সাহিত্যের ৫টি উল্লেখযোগ্য নাটক ও এর রচয়িতার নাম লিখুন।

বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য নাটক ও রচয়িতার নাম:

  • রক্তাক্ত প্রান্তর- মুনীর চৌধুরী
  • ভ্রান্তিবিলাস-  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • সাজাহান, নুরজাহান, চন্দ্রগুপ্ত- দ্বিজেন্দ্রলাল রায়
  • একেই কি বলে সভ্যতা- মাইকেল মধুসূদন দত্ত
  • সধবার একাদশী- দীনবন্ধু মিত্র।

৭. প্রবন্ধ কাকে বলে? প্রবন্ধ কয় প্রকার ও কী কী?

প্রবন্ধ সাহিত্যের অন্যতম শাখা। ‘প্রবন্ধ’ শব্দটি এসেছে সংস্কৃত ভাষা থেকে।   লেখক তাঁর কল্পনা ও বুদ্ধিবৃত্তিকে আশ্রয় করে কোন বিষয়বস্তু সম্বন্ধে যে আত্মসচেতন নাতিদীর্ঘ সাহিত্য-রূপ সৃষ্টি করেন তাকে প্রবন্ধ বলা হয়। প্রবন্ধ লেখার ক্ষেত্রে লেখকের ব্যক্তিগত উচ্ছাস ও লাগামহীন চিন্তার কোনো সুযোগ থাকে না।

এক কথায় বলা যায় যে, যে কোন বিষয় নিয়ে বিস্তৃত অথচ পরিমিত আলোচনা অপূর্ব রচনাশৈলী আর ভাষাগত দক্ষতার নিপুণভাবে বর্ণনা করাই হলো প্রবন্ধ।

প্রবন্ধের প্রকারভেদ:

প্রবন্ধ ২ ধরণের হয়। যথা:

১. তন্ময় বা বস্তুনিষ্ঠ প্রবন্ধ এবং

২. মন্ময় বা ব্যক্তিগত প্রবন্ধ।

error: Content is protected !!