রবির আত্মদান
-এনতাজুর রহমান
বজ্রতাপের বজ্রানলে আপন দেহ জ্বেলে জ্বেলে
উষ্ণ-আলোক-সুধা রাশি অকাতরে ঢেলে ঢেলে
নিত্য সেবায় রত রবি আপন জগতে
ভুবনবাসী জানিনে কেউ সে কোন অদিকাল হতে!
অট্টনাদে বিস্ফোরণে দীর্ঘ শিখার বিচ্ছরণে
নিঃসরিত আলোক ধারা অসীম দূরে বিস্তরণে
মুক্ত করে জমাট বাধা অন্ধকারের দুষ্টু ক্ষতে
কেউ জানিনে—-সেই কোন আদিকাল হতে।
অনির্বানে জ্বলছে রবি বিরামহারা
সে কি আত্মদানের গর্বে মুড়ে এমন আপনহারা?
না তার কোন জনমের অভিশাপে
পাপের সাজা ভোগ করে সে এমন দহন তাপে
তিলপলকও নাই কোন তার ক্ষুদ্র অবসর
ক্ষান্ত দিবে ক্ষণতরে—–প্রায়শ্চিত্ত ব্রতে!
এমন দহন চলছে যে তার সেই অনাদিকাল হতে।
তার আত্মদহন দীপ্তি ভাসে দশদিশে তপ্ত আলোক ধারে
তার দাসানুদাস গ্রহরা সব ডুবেনা তাই গভীর অন্ধকারে
তারা সব রবিই ঘিরে নতশিরে ঘুরে চারিধারে
নির্ভাবনায় গা ভাসায়ে ফিরে রবির উষ্ণ-আলোক স্রোতে
সেই অমিত যুগ——অনাদিকাল হতে!
৮ জুন, ২০২১ খ্রি:
নীলফামারী।