কবিতা- বৃষ্টিস্নাত রাত - Proshikkhon

কবিতা- বৃষ্টিস্নাত রাত

বৃষ্টিস্নাত রাত

-শাহাদত হোসেন সুজন

এখন বৃষ্টিস্নাত রাত
অন্ধকার রাত্রিতে টিনের চালার উপর ঝুম ঝুম বৃষ্টির শব্দ
বিচূর্ণ মেঘের ভিতর থেকে থেকে বিদ্যুৎ চমকায়
বৃষ্টি জড়ানো হাওয়ায় ভেসে আসে তোমার কণ্ঠস্বর…

এখন বৃষ্টিস্নাত রাত
ক্রমশঃ রাত্রির বুকে ছড়িয়ে পড়ে গাঢ় নীল অন্ধকার
উদ্দেশ্যহীন জানালায় উঁকি দেই নিথর রাতের বুকে
তোমাকে পাবার নিবিড় উৎসবে মত্ত আজ এই দৃপ্ত পটভূমি…

এখন বৃষ্টিস্নাত রাত
চারিদিকে স্বপ্নময় ঘন অন্ধকার বৃষ্টির প্রবল শব্দ
বৃষ্টির প্রতিটি ফোটা তোমার জন্য আজ সৃষ্টির উচ্ছ্বাসে কাঁপে
দিঘির মতন স্নিগ্ধ তোমার শরীর অদ্ভুত লাবণ্য বয়ে চলে…

এখন বৃষ্টিস্নাত রাত
বৃষ্টির ঝুম ঝুম শব্দের প্রতিধ্বনি দ্বিধাহীন অনুরত
ময়ূরীর চোখের মতন মমতায় নীলিম বরণ ছড়িয়েছো
মুগ্ধতার রূপ এই রাতের তিমিরে কাননে কাননে ফুলের সুবাসে…

এ কোন্ কাঙ্ক্ষিত বৃষ্টিস্নাত রাত-
বৃষ্টির গভীর বর্ষণ ধারায় ছড়িয়ে পড়ে সৃষ্টির আদিম অন্ধকার
বৃষ্টির বিজনে বুকে নির্বাচিত এই অভিসারী রাতে
এ যেন ভূমিকা শুধু তোমাকে পাবার…

১২ জুন ২০২১
উত্তরা, ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!